বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‌্যালি

দিনাজপুরের বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু বিস্তার রোধ, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই অভিযান শুরু হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পৌরসভার হিসাব সহকারী রায়হান কবীর চপ্পল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা জরুরি। মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা ডাবের খোসা—যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।”

তারা আরও জানান, “নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত বিরামপুর গড়ে তোলা সম্ভব।”