দিনাজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
দিনাজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালুর মোড়ের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা ও বিভিন্ন উপজেলার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শুরু হয় গত বছরের সাংগঠনিক কর্মকাণ্ড ও অগ্রগতি পর্যালোচনা এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপনার মাধ্যমে। সংগঠনের আর্থিক স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি কেশব লাল ঝাঁ এবং সাংগঠনিক সম্পাদক সনদ চক্রবর্তী লিটুর নেতৃত্বে সভার বক্তারা ব্রাহ্মণ সম্প্রদায়ের ঐক্য, অধিকার সংরক্ষণ, তরুণ প্রজন্মের মাঝে সনাতন ধর্মের মূল শিক্ষার প্রচার এবং মানবকল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আগামী দিনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, “ব্রাহ্মণ সমাজের ঐক্য এবং সনাতন সংস্কৃতির বিকাশই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ দিনাজপুর জেলা শাখার পূর্ববর্তী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানোস ভট্টাচার্য্য, সন্ধ্যা বাকচি, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী জুন, সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ নারায়ণ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক নরেশ চক্রবর্তী, ব্রাহ্মণ যুব সংসদের সভাপতি জয়ন্ত মিশ্র, সাধারণ সম্পাদক পুজন চক্রবর্তী, সদস্য বিধান চক্রবর্তী বাসু, উপদেষ্টা ডাঃ ইরেশ ভট্টাচার্য্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ। পরিশেষে, বিশ্বশান্তি ও সর্বজনের মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।