টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আর্জেন্টিনা মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট’। শুক্রবার (৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় টেকনাফের সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মোটরসাইকেল শোডাউন শেষে মেরিন ড্রাইভ এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় কাটান।

আয়োজকদের একজন হেলাল উদ্দিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়াবে।