চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি গাবতলীর জিলবাংলা সুগার মিল এলাকার কাছাকাছি পৌঁছালে মনোয়ার হোসেন তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় তিনি পা পিছলে রেললাইনের নিচে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই যুবক মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মতে, রেলস্টেশনে যাত্রীদের সচেতনতা বাড়ানো এবং চলন্ত ট্রেনে উঠা-নামা বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন, না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে।