কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, এলাকায় চাঞ্চল্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজন দীর্ঘদিনের বন্ধু ও ঘনিষ্ঠ পরিচিত ছিলেন।

নিহতের পরিবার জানায়, ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরীর অভিযোগ, গত শুক্রবার এশার নামাজের সময় স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত আনোয়ার ওই ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে অভিযুক্ত সাব্বির হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আনোয়ারের ওপর হামলা চালানো হয়।

পরিবারের দাবি, শনিবার রাতে আনোয়ার একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তাকে জোরপূর্বক নামিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। দেশে ফিরে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।” এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।