১৫ ও ৬১ বিজিবির হাই-অ্যালার্ট: গভীর রাতে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের একাধিক চেষ্টা নস্যাৎ


স্টাফ রিপোর্টার, চঞ্চল। প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
১৫ ও ৬১ বিজিবির হাই-অ্যালার্ট: গভীর রাতে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের একাধিক চেষ্টা নস্যাৎ

লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর একাধিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে জেলার দিঘলটারী, দুর্গাপুর, বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিবি জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন দিঘলটারী ও দুর্গাপুর সীমান্ত দিয়ে ১১ জন এবং তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। মোট ৩২ জনকে সীমান্ত অতিক্রম করানোর এই অপচেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বৈধ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের হস্তান্তরের পরিবর্তে গভীর রাতে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা এবং সীমান্ত ফেন্সের গেট ব্যবহার করে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নজরে আসার পর থেকেই সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবির উপস্থিতি ও তৎপরতা টের পেয়ে অনুপ্রবেশের চেষ্টাকারীরা পিছু হটতে বাধ্য হয়। ফলে কোনো ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে দুই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।