ঘোড়াঘাটে স্বাস্থ্য কেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২


মোফাজ্জল হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ঘোড়াঘাটে স্বাস্থ্য কেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. নূর আলম (৩৪) এবং মো. শাকিরুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর মডেল মোড়ে অবস্থিত বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তিনটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা এসে তালা ভাঙা দেখতে পান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। চোরচক্রটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, ফোর-বার্নার চুলা, বেবি ও অ্যাডাল্ট ওজন মাপার মেশিন, সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিনসহ প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তা ওয়াজিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে নূর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে সাকার মেশিন, বেবি ওজন মাপার মেশিন, স্টেরিলাইজার ড্রামসহ বেশ কিছু চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে নূর আলমের স্বীকারোক্তির ভিত্তিতে সকাল ৮টার দিকে তার সহযোগী শাকিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির মামলা দায়েরের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।