অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখার ম্যানেজার পদে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন


মোজাহিদুল ইসলাম, সাদুল্লাপুর প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখার ম্যানেজার পদে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি, নলডাঙ্গা শাখার বিদায়ী ব্যবস্থাপক মো. জিয়াদুল ইসলামের বিদায় এবং নবাগত ব্যবস্থাপক মো. ফোজায়েল আহমেদ পলাশের বরণ উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় নলডাঙ্গা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিদায়ী ব্যবস্থাপক মো. জিয়াদুল ইসলাম গত চার বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে নলডাঙ্গা শাখার দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে শাখার ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হয়েছে। কর্মকাল শেষে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির ঢোলভাঙ্গা শাখায় নতুন কর্মস্থলে যোগদান করবেন।

একই অনুষ্ঠানে নবাগত ব্যবস্থাপক মো. ফোজায়েল আহমেদ পলাশকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নলডাঙ্গা শাখার সেকেন্ড অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. ফারুক আহমেদ। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী ব্যবস্থাপক মো. জিয়াদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মদক্ষতা, সততা এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মো. জিয়াদুল ইসলামের কর্মনিষ্ঠা ও নেতৃত্ব শাখার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে নবাগত ব্যবস্থাপক মো. ফোজায়েল আহমেদ পলাশকে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে নলডাঙ্গা শাখার ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বিদায়ী ও নবাগত দুই ব্যবস্থাপকের প্রতি শুভকামনা জানিয়ে উপস্থিত সকলের অংশগ্রহণে শেষ হয়।