গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি তার মা কল্পনা রাণীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা আকস্মিক এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ ধরনের আকস্মিক বজ্রপাতের ঝুঁকি বাড়ে, তাই খোলা জায়গায় কাজ করার সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।