মহিষখোচায় আরডিআরএসের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
মহিষখোচায় আরডিআরএসের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড নার্চারিং গ্রোথ ফর পভার্টি (সি-রংপুর)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী একটি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মহিষখোচা ইউনিয়নের অগ্রণী মহিষখোচা ফেডারেশন প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রায় ১৩২ জন রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে চক্ষু রোগ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সমস্যা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুন্নবী এবং আরডিআরএস বাংলাদেশের মেডিকেল অফিসার (এমএনএইচ) ডা. মেহেনাজ আজমী।

চিকিৎসা কার্যক্রম শেষে ডা. মো. নুরুন্নবী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও স্বাস্থ্য সচেতনতার ঘাটতির কারণে গ্রামীণ এলাকার মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি কিশোরী ও গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে, যা তাদের সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে।”

আরডিআরএসের মেডিকেল অফিসার ডা. মেহেনাজ আজমী বলেন, “জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে সুস্বাস্থ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।”

ক্যাম্প পরিচালনায় চিকিৎসকদের সহযোগিতা করেন রিসেপশনিস্ট জুননুন মন্ডল ও রত্না রানী। এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (স্বাস্থ্য) জেসমিন আক্তার, মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায়, অগ্রণী মহিষখোচা ফেডারেশনের সভাপতি মজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরডিআরএস বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।