
কুমিল্লা নগরীর অশোকতলায় এক অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত করার পর তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ৩১ মে (রোববার) সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার পর তার ভিক্ষার ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে।
এরপর তার নির্দেশে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেন। অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ‘টোকাই সামির’ নামে এক কিশোর গ্যাং লিডারকে শনাক্ত করা হয়।
বুধবার (৩ জুন) তাকে আটক করার পর বিষয়টি প্রশাসনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।” পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :