
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু হামিম তার বাবা শফিকুল ইসলামের সঙ্গে ধান শুকানোর কাজে বের হয়। একপর্যায়ে বাবা সড়ক পার হয়ে পাশের আঙিনার দিকে গেলে তার পিছু পিছু শিশুটিও রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় পাঁচবিবি দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকনিকের বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” স্থানীয়রা এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে আরও কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :