
পঞ্চগড়ে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষরা অতিষ্ঠ হয়ে পড়ছেন। কাজের জন্য বাইরে বের হলেও গরমের কারণে কাজ করতে পারছেন না অনেকে। ফলে আয় রোজগার কমছে এবং দিনযাপন হচ্ছে কষ্টসাধ্য। অনেকেই কিছুটা তাপ বাঁচানোর জন্য গাছের তলায় আশ্রয় নিচ্ছেন।
জেলার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ ধরে চলতে পারে।
পঞ্চগড় সদর হাসপাতালের সহকারি সার্জন মোঃ মোখলেছুর রহমান জানান, তাপপ্রবাহের কারণে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা ও কাশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, হিট স্ট্রোকের ঝুঁকি থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকা জরুরি। তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত পানি পান এবং ফলমূল খাওয়ার পরামর্শ দেন।
আপনার মতামত লিখুন :