নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনের শেখেরঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষের সঙ্গেও যুক্ত ছিলেন।

নিহতের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম মাছের প্রকল্প দেখার কথা বলে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে কল কেটে দেওয়া হয় এবং পরবর্তীতে ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, রাতভর ও পরদিন বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নাঈমের বলে শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় নাঈমের হাত-পা বাঁধা অবস্থায় ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এ কারণে হত্যাকাণ্ডের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।