
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ওলিনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের শিশুকন্যা আফরিন (৪) এবং মাহিম উদ্দীনের নাতি, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের ইজিবাইকচালক আরিফুল ইসলামের গাড়িতে করে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত ইজিবাইকচালক আরিফুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :