কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

বর্তমানের অতিব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে কর্মক্ষেত্রে মানসিক চাপ ও ক্লান্তি এখন নিত্যসঙ্গী। এই ক্লান্তি দূর করতে অনেকেই সারা বছর অপেক্ষা করেন দীর্ঘ একটি বার্ষিক ছুটির জন্য। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘ ছুটির চেয়ে ঘন ঘন ছোট বিরতি মানসিক সতেজতা ফেরাতে অনেক বেশি কার্যকর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, প্রতি দুই মাস অন্তর সংক্ষিপ্ত ছুটি বা বিরতি নেওয়া মানসিক স্বাস্থ্য, কাজের দক্ষতা এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণার ফলাফলে দেখা যায়, দীর্ঘ বার্ষিক ছুটি সাময়িকভাবে মানসিক প্রশান্তি দিলেও এর প্রভাব খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। কাজে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রশান্তি কমে যায় এবং আবারও চাপ ফিরে আসে। এর বিপরীতে নিয়মিত ছোট বিরতি নিলে তা দীর্ঘমেয়াদে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

গবেষকরা জানিয়েছেন, নিয়মিত বিরতি কর্মীদের মনোযোগ বাড়ায় এবং কাজের গুণগত মান উন্নত করে। যারা নির্দিষ্ট বিরতি নিয়ে কাজ করেন, তাদের কর্মক্ষমতা তুলনামূলকভাবে বেশি কার্যকর হয় বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ছোট ছোট বিরতি মস্তিষ্কের ক্লান্তি দূর করে নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়। এটি কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক একটি কার্যকর পদ্ধতি।

তাদের মতে, পেশাজীবীদের উচিত বছরের শুরুতেই ছুটির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা, যাতে প্রতি দুই মাস অন্তর কয়েক দিনের বিরতি নেওয়া সম্ভব হয়। এতে দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা বাড়ে এবং মানসিক চাপও নিয়ন্ত্রণে থাকে।

বিশেষজ্ঞরা আরও বলেন, সতেজ মনই ভালো কাজের ভিত্তি তৈরি করে। তাই বছরের শেষে দীর্ঘ ছুটির অপেক্ষায় না থেকে নিয়মিত বিরতিকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।