সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। সেখানে কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহিউদ্দিন ও শাহীন দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আহত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বিএসএফের গুলির ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে তারা দাবি করেন। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।

সাম্প্রতিক এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।