
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির ওপর অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। ওই লাইনে বিদ্যুৎ প্রবাহিত অবস্থায় সেটি ফসলি জমির ওপর ঝুলে ছিল। সকালে মাঠে ঘাস খেতে গেলে ওই লাইনের সংস্পর্শে এসে গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা যায়। এ সময় স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ওই বিদ্যুৎ খুঁটি অপসারণ বা সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও খুঁটি অপসারণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
আপনার মতামত লিখুন :