চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা। তিনি কয়েকদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, নুরুন্নাহার বেগম দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ছিলেন। এছাড়া বয়সজনিত কারণে তার শ্রবণশক্তিও দুর্বল ছিল। বুধবার ভোরে ঘুম থেকে উঠে তিনি বাড়ির পাশের রেললাইন এলাকায় হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট বোন শাহিন আক্তার জানান, তার বোন ঠিকমতো কথা বলতে পারতেন না এবং কানে কম শুনতেন। সম্ভবত ট্রেনের শব্দ বা সতর্ক সংকেত তিনি বুঝতে না পারায় দুর্ঘটনার শিকার হন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দীন বলেন, কক্সবাজারগামী ট্রেনটির ধাক্কায় বৃদ্ধার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।