
খুলনার রূপসা নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকার রকি ডকইয়ার্ডের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি অনিল কুমার সাহা। তিনি খুলনা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুন সকালে আলমের আইস ফ্যাক্টরি ঘাটসংলগ্ন রূপসা নদীতে গোসল করতে নেমেছিলেন অনিল কুমার সাহা। সকাল ৯টার দিকে তিনি নদীতে নামার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয় কয়েকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা নৌ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া যায় যে মরদেহটি নিখোঁজ অনিল কুমার সাহার।
রূপসা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
আপনার মতামত লিখুন :