
রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় এক রেলকর্মী আহত হয়েছেন। আহত ওয়েম্যান জাহিদ (৪০) মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেনটি দ্রুতগতিতে চলতে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।
বিচ্ছিন্ন ইঞ্জিনটি নিজ গতিতে কিছু দূর এগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার কাছে গিয়ে থামে। পরে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। এরপর লোকোমাস্টার সেটি চালু করে স্টেশনে নিয়ে যান।
গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী জানান, বিচ্ছিন্ন ইঞ্জিনটি ট্রেনের একেবারে পেছনে থাকায় আলাদা হয়ে যাওয়ার বিষয়টি কারও চোখে পড়েনি। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনে দায়িত্ব পালন করতে নামেন ওয়েম্যান জাহিদ। এ সময় পেছন থেকে আসা বিচ্ছিন্ন ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় রেলওয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন দুর্ঘটনা রেল নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে যুক্ত অতিরিক্ত ইঞ্জিন ঈশ্বরদী থেকে আনা হচ্ছিল। পথে কীভাবে এটি বিচ্ছিন্ন হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :