মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রসহ বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রাঘাতে কুচাই চা বাগান এলাকার ১৩টি গবাদিপশু এবং পাথরটিলা গ্রামের একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এতে চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

নিহত গরুর মালিকরা হলেন— কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। স্থানীয়রা জানান, এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু পালন। হঠাৎ এ ঘটনায় তারা চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

খবর পেয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

এদিকে, স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিষয়টি অবহিত করলে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।