মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় সালমানের বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এর আগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলিতে এ ভয়াবহ ঘটনা ঘটে।

জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে নতুন একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া ছেলের দাবি পূরণ করতে না পারায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন রাতে মোবাইল কেনা নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা ও আর্থিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে বলে তিনি জানান।