ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারি চক্রের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সীমান্ত এলাকা থেকে একটি হলুদ পিকআপে করে ভারতীয় চোরাই পণ্য আনা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটক করেন। এ সময় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয় এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়, চোরাকারবারিরাই নিজেদের গাড়ি নিজেরা ভেঙে বিজিবির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আটককৃত চোরাই পণ্যবাহী পিকআপটি ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।

এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম বলেন, “স্থানীয় বিজিবি সদস্যরা ভারতীয় চোরাইপণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করে নয়নপুর বাজারে নিয়ে আসে। এ সময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়।”

তিনি আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠলে গুলি ও রক্তপাত এড়াতে পিকআপটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।