
হবিগঞ্জের সদর উপজেলার কাশিপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা নাম দিয়ে আয়োজিত একটি ফুটবল ম্যাচের জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের অংশগ্রহণে ‘আর্জেন্টিনা’ ও ‘ব্রাজিল’ নামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনা নামের দল ২-০ গোলে জয়লাভ করলে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। এ সময় জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাতে এলাকার মুরব্বিরা হস্তক্ষেপ করে বিষয়টির আপস-মীমাংসা করেন। তবে বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও একই বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে অন্তত ৫০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, ফুটবল সমর্থনকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বিরোধ দ্রুত সহিংস রূপ নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :