পদ্মার তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
পদ্মার তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার 

পাবনায় পদ্মা নদীর তীর থেকে আনুমানিক ১৪-১৫ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুরসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (২ জুন) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কিশোরীকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। ঘটনাস্থল ও আশপাশের পরিবেশ দেখে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর কয়েকজন জানান, রাতের দিকে একটি প্রাইভেটকারকে গ্রাম্য রাস্তা দিয়ে ওই এলাকায় যেতে দেখা গেছে। তাদের ধারণা, ওই গাড়িতে করেই বস্তাবন্দি অবস্থায় মরদেহটি এনে ফেলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ঘটনাটির পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ বলছে, কিশোরীর পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে একাধিক দিক থেকে তদন্ত চলছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।