নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, প্রাণ গেল একজনের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, প্রাণ গেল একজনের

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান সাইদ (২৫) খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি আছাবুর সরদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। পথে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই সাইদুর রহমান সাইদের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল, সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।