ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৫৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে রাখে। তবে ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই সড়কে বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।