ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী ও ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ভুক্তভোগী ভাগ্নীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দুই ভুক্তভোগী মামী-ভাগ্নী। অনুষ্ঠান শেষে তারা নিজ বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরে আসেন। তবে বাড়িতে তালা থাকায় তারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের দিকে যান।

এ সময় প্রতিবেশী পারভেজ তাদের ভ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রাসেল বিশ্বজিৎসহ কয়েকজন যুবককে ডেকে আনে। অভিযোগ অনুযায়ী, পরে পারভেজ, রাসেল ও বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভাগ্নীকে ধর্ষণ করেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজন মামীকে ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন (১ জুন) দুই নারী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভুক্তভোগী দুই নারী হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, “এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।