আবারও সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
আবারও সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্তনীতি উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর প্রধান পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের শূন্য রেখার কাছাকাছি এলাকায় কয়েকদিন ধরেই বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি ও কাজ চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আপত্তি জানালে দুই বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম আপাতত বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বৈঠকের আগেই বিএসএফ সদস্যরা সীমান্তের কিছু অংশে কাঁটাতার স্থাপন করে ফেলেছে। এ কারণে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, শূন্য রেখার কাছাকাছি এলাকায় একতরফাভাবে কাঁটাতার নির্মাণের উদ্যোগ সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তারা বিষয়টি দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং নতুন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।