আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং সম্ভাব্য আইনগত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অ্যাটর্নি জেনারেলও অংশ নেন।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে। তার আইনগত পরামর্শের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, তদন্ত যেন নিরপেক্ষ, বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক হয়, সে লক্ষ্যে ভুক্তভোগী মায়েদের বক্তব্যও নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে তদন্ত কার্যক্রমে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তদন্তে কারও গাফিলতি, অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে কমিটিতে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত দুই তদন্ত কমিটিকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পরিবার ও সাধারণ মানুষ।