‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেপ্তার

নিজেকে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাজরান রউফ। তিনি জানান, এক ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সলঙ্গা থানা এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে মোবাইল অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে দিয়ে তিনি নতুন নামে আরেকটি অ্যাপস চালু করতেন এবং পুনরায় বিনিয়োগের আহ্বান জানাতেন। এভাবে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইলে বা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা হিসেবে পরিচয় দিতেন। এ সময় তিনি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করতেন, যাতে তারা টাকা ফেরতের দাবি থেকে সরে দাঁড়ায়।

পুলিশের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ১০০ জন মানুষের কাছ থেকে মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, প্রতারণার এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অর্থ আত্মসাতের পুরো নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।