আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু-কে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি ঝালকাঠিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে ঝালকাঠিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।