
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৪২ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা হয়েছে ৯ হাজার ১৩৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৮১২ জন।
মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে মারা গেছেন ৯০ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কোনো শিশুর শরীরে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি জাতীয় টিকাদান কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
আপনার মতামত লিখুন :