লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী একটি লোকাল লঞ্চের ছাদ থেকে কালাবদর নদীতে পড়ে মো. রানা (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট লঞ্চটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় কালাবদর নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মেহেন্দীগঞ্জে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে রানার পরিবার অংশ নেয়। অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তারা নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে এমএল লিমা এক্সপ্রেস–৪ লঞ্চে ওঠেন। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর অসাবধানতাবশত রানা লঞ্চের ছাদ থেকে পা পিছলে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় প্রবল স্রোতের কারণে মুহূর্তেই তিনি তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ কিশোরকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস–৪ লঞ্চের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।