রংপুরে বিষাক্ত মদ পান করে ২ দিনে চারজনের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
রংপুরে বিষাক্ত মদ পান করে ২ দিনে চারজনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে ঘটে যাওয়া এ ঘটনায় আরও তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মৃতরা হলেন উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) এবং মো. এরশাদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাতে মিঠাপুকুর উপজেলার বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া কয়ারমারি গুচ্ছগ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সোমবার (১ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া ও মো. এরশাদ মিয়ার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ও বিষাক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত এড়াতে পরিবারের পক্ষ থেকে শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। এদিকে ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ও অবৈধ মদ বিক্রির অভিযোগ থাকলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষাক্ত মদপানের কারণেই মৃত্যুগুলো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।