বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শফিকুল ইসলাম ডাঙ্গাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে এবং স্থানীয়ভাবে ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন দরজা খুলে বাইরে বের হলে বাড়ির উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে বোনের বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে কয়েকজন ফুফুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি জানানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।