বান্ধবীর বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
বান্ধবীর বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রী

বগুড়ার নন্দীগ্রামে ১২ বছর বয়সী এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক বান্ধবীর বাবা মো. দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৪ মে পরিবার বিষয়টি জানতে পারে এবং পরে আল্ট্রাসনোগ্রাফিতে বিষয়টি নিশ্চিত হয়। এরপর ভুক্তভোগীর পরিবার ১ জুন নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করে, যা পরে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশু ২ জুন আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

জানা গেছে, গত ১৩ জানুয়ারি সকালে ওই স্কুলছাত্রী তার প্রতিবেশী বান্ধবীর খোঁজে তাদের বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বান্ধবীর বাবা দোলা হোসেন ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রেখেছিল। সম্প্রতি ওই শিশুর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে গত ২৪ মে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন কোনো উপায় না পেয়ে শিশুটি মায়ের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।

পরবর্তীতে মায়ের উদ্যোগে তার আল্ট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে জানা যায়, সে চার মাসের অন্তঃসত্ত্বা।​ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে কোনো সুরাহা না পেয়ে ভুক্তভোগীর পরিবার নন্দীগ্রাম থানার শরণাপন্ন হয় এবং সোমবার লিখিত অভিযোগ করে, যা পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান গণমাধ্যমকে বলেন, এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি দোলা হোসেন পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।