বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) দুপুরে স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং আনিসুর কাজীর ছেলে।

নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, মঙ্গলবার সকালে তিনি ঘুমিয়ে ছিলেন। পরে রাশেদের স্ত্রী তাকে জানান, সকাল সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্কুলভিটা এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাশেদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাশ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত রাশেদের পরিচিত কয়েকজন ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় দুর্বৃত্তরা তার বাবা আনিসুর কাজী, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল এবং স্ত্রী ফাহিমাকে গুলি করে আহত করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাবন্দি হওয়ার সময় রাশেদের সঙ্গে ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরে ইমরানের বাড়িতে তার যাতায়াত শুরু হয়। কয়েক মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে রাশেদ ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই পূর্বের হামলা এবং সর্বশেষ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।