
রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জ থানাধীন এলাকায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর সার্বিক তত্ত্বাবধানে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) আবু আনছার মো. রবিউল আলম, এসআই (নিঃ) মো. মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্সের একটি দল মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় খালাশপীরগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করেন।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে কালো পলিথিনে বিশেষভাবে মোড়ানো ১০টি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মোকলেছুর রহমান (৪৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দাড়িকামারি এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পরে উদ্ধারকৃত আলামতসহ অভিযুক্তকে পীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা নং-০৩ রুজু হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসে রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে এটি অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :