পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৭টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) এবং তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। দুর্গাপদ মল্লিক একসময় চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা নগরীর পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সকালে সপরিবারে গ্রামের বাড়ি আনোয়ারার উদ্দেশ্যে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতু এলাকায় একটি পণ্যবাহী পিকআপ ভ্যান পেছন থেকে চলন্ত একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে বাবা-ছেলে দুজনেই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন।

গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুর্গাপদ মল্লিকের আরেক ছেলে বাবলা মল্লিক জানান, তার বাবা ও বড় ভাই সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল থেকে দুর্গাপদ মল্লিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।