দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধদিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি, চন্দন মিত্র প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধদিবস পালিত

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

সোমবার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা মানবদেহের পুষ্টি নিশ্চিত করতে দুধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দুগ্ধ উৎপাদন খাতে নারী খামারিদের ভূমিকা এবং তাদের বিভিন্ন সাফল্যের বাস্তব চিত্র উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পুষ্টিহীনতা দূর ও মেধাবী প্রজন্ম গঠনে নিয়মিত দুধ পান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দুগ্ধ খামারিদের জন্য বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার ফলে দেশে দুগ্ধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।

সভায় অংশ নেওয়া স্থানীয় খামারিরা দুধের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং গো-খাদ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দেন।

এর আগে সকালে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপপরিচালক ডা. মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।