
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে আঘাত হানে। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ চারজনের মৃত্যু হয়। এ সময় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :