ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা (বেড) সংরক্ষণ রাখতে হবে। এসব রোগীর বেড ভাড়া ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা বা ইনভেস্টিগেশনের খরচের ৮০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের খাবার ও ওষুধের ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মশার প্রজনন রোধে দেশজুড়ে ব্যাপক কার্যক্রম চালানো হবে। জলাশয়, ড্রেন, ডোবা এবং জমে থাকা পানিতে বিশেষ লার্ভানাশক ট্যাবলেট ও স্প্রে ব্যবহার করা হবে, যাতে মশার লার্ভা ধ্বংস করা যায়।

তিনি বলেন, অনেক পরিত্যক্ত ওয়াশরুম, গ্যারেজ ও অব্যবহৃত স্থানে পানি জমে থাকে, যা মশার প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করে। এসব স্থান চিহ্নিত করে নিয়মিত স্প্রে ও লার্ভানাশক প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসা, ভবনের ছাদ বা আশপাশের এলাকায় মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হবে।

হাসপাতালগুলোর প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ ব্যাগ ফ্লুইড পাওয়া গেছে। সব হাসপাতালকে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত রাখতে হবে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালগুলোকে তাদের বেড সংখ্যা, ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষিত শয্যা এবং ফ্লুইডের মজুত সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তথ্য দিতে বলা হয়েছে।মন্ত্রী বলেন, “ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়। সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ—সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”