ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সোমবার (১ জুন) রাতে উপজেলার আমাইতাড়া-নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমাইতাড়া বাজার থেকে বাবা-ছেলে একটি বাজাজ মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারীনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল চালক আজিজার রহমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার বাবা নুরুজ্জামান হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয়দের দাবি, সড়কের ওপর খড় বোঝাই করে রাখা হয়েছিল। ওই খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একপর্যায়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আজিজার রহমানের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।