কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক দিঘিতে কুমিরের টানে নিখোঁজ হওয়া ফাতেমা (৭) নামে এক শিশুর মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারের দিঘির মহিলা ঘাট এলাকায় খেলতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয় সে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুটির মরদেহ মাজার এলাকায় তুলে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটের কাছে গেলে হঠাৎ পানির ভেতর থেকে একটি কুমির উঠে এসে তাকে টেনে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটায় উপস্থিত লোকজন হতভম্ব হয়ে পড়েন।

শিশুটিকে উদ্ধারে সঙ্গে সঙ্গে স্থানীয় দর্শনার্থী ও এলাকাবাসী নৌকা নিয়ে দিঘিতে নামেন। পরে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। রাতভর চলে তল্লাশি অভিযান। দীর্ঘ অনুসন্ধানের পর ভোররাতে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি কুমির সংরক্ষিত রয়েছে, যা দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। তবে এ ঘটনায় দিঘির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দিঘির ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।