
দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর মৌজায় চলমান চানতারা বিল খনন ও খাল সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
রোববার (৩১ মে) দুপুরে কালিকাপুর মৌজার কাকুরাপাড়া এলাকায় ক্ষিতিস সরকারের বাড়ির সামনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে খনন কাজের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইজিপিপি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। গত ৩ মে খাল খনন ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন, জেলা পুনর্বাসন কার্যালয়ের পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ, ২ নম্বর সুন্দরবন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লিটন, দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রকল্প এলাকায় ডাব ও নিম গাছের চারা রোপণ করেন। তারা পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :