নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নি’হ’ত


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নি’হ’ত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানভীনা আক্তার লিজা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে নানাবাড়ি যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের চেরাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের বাসিন্দা মো. গোলজার হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে তার নানাবাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

পথিমধ্যে চেরাগপুর এলাকায় মোটরসাইকেলটি থামানো অবস্থায় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন লিজা। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।