ঈদযাত্রায় যমুনা সেতুতে চার দিনে ১৪ কোটির বেশি টোল আদায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ঈদযাত্রায় যমুনা সেতুতে চার দিনে ১৪ কোটির বেশি টোল আদায়

পবিত্র ঈদযাত্রাকে কেন্দ্র করে গত চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে সেতু থেকে মোট ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) থেকে বুধবার (২৭ মে) রাত ১২টা পর্যন্ত এক লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করে। শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করে। এদিন টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গমুখী ২২ হাজার ১১২টি যানবাহন থেকে আদায় হয় ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা এবং ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন থেকে আদায় হয় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

২৫ মে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পারাপার করে। উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন থেকে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা এবং ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন থেকে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

২৬ মে সবচেয়ে বেশি ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু ব্যবহার করে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন থেকে আদায় হয় ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন থেকে আদায় হয় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

ঈদের আগের দিন ২৭ মে সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন চলাচল করে। এর মধ্যে উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ৯০৭টি যানবাহন থেকে ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা এবং ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন থেকে ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়। এছাড়া মোটরসাইকেলের জন্য পৃথক দুটি বুথের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ঈদের ফিরতি যাত্রাতেও একই ধরনের প্রস্তুতি অব্যাহত থাকবে।