সহস্রাইল পশুর হাটে শুরু জমজমাট বেচাকেনা, চলবে দিন-রাত


ভ্রাম্যমান প্রতিনিধি, জাফর আলী প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
সহস্রাইল পশুর হাটে শুরু জমজমাট বেচাকেনা, চলবে দিন-রাত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সহস্রাইল বাজারে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। আগামী ২৬ মে মঙ্গলবার ও ২৭ মে বুধবার—এই দুই দিন সারাদিন ও সারারাত গরু-ছাগলের বেচাকেনা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়ভাবে সুপরিচিত এই হাটটি অনুষ্ঠিত হবে সহস্রাইল বাজারের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায়। হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন ইরাদত হোসেন।

হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে এবারও তুলনামূলক সুলভ মূল্যে খাজনা নির্ধারণ করা হয়েছে। নিরাপদ পরিবেশ, সহজ যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত জায়গার কারণে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ব্যাপক সংখ্যক মানুষ এ হাটে আসেন।

এদিকে ইতোমধ্যে হাটকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা গরু ও ছাগল নিয়ে আসা শুরু করেছেন। দেশীয় জাতের পাশাপাশি উন্নত জাতের গরুও এবার হাটে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

হাট পরিচালনা কমিটি ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষকে সহস্রাইল কোরবানির পশুর হাটে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় এবারও এটি অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পশুর হাটে পরিণত হবে।